মেট্রোরেল স্টেশন পরিদর্শন শেষে সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞের ঘটনায় দেশবাসীর কাছে বিচার চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের জনগণকে তাদের বিচার করতে হবে। আমি জনগণের কাছে ন্যায়বিচার চাইছি। ধ্বংসযজ্ঞের বর্ণনা দেয়ার মতো ভাষা আমার নেই। খবর বাসস।
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে মিরপুর-১০ নম্বর মেট্রোরেল
স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
শেখ হাসিনা বলেন, এ মেট্রোরেল করার সময়ও আমাদের অনেক বাধা-বিঘ্ন অতিক্রম
করতে হয়েছিল। সব বাধা-বিঘ্ন অতিক্রম করে এই মেট্রোরেল আমরা করে দিয়েছি এবং সময়ের আগেই
করতে পেরেছি। আজ মেট্রোরেল বন্ধ কারণ, এ স্টেশন সেভাবে ধ্বংস হয়েছে যেটা সম্পূর্ণ ডিজিটাল
ও ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা কতদিনে ঠিক হবে আমি জানি না। কষ্ট পাবে
কিন্তু মানুষ।
সরকার প্রধান বলেন, এটা তার সরকার করে দিয়েছে সবাই যাতে সময়মতো স্কুল,
কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বা নিজ নিজ কর্মস্থলে যেতে পারেন এবং কর্মস্থল থেকে আবার ঘরে
ফিরে অন্তত কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটাতে পারেন। আর্থিক দিকটাও সাশ্রয় হয়। সেসব
কথা চিন্তা করেই তার সরকার দেশের মানুষের কল্যাণে মেট্রোরেলসহ বিভিন্ন যোগাযোগের মাধ্যম
নির্মাণ করে দিয়েছে। অবকাঠামোর উন্নয়ন ঘটিয়েছে।
প্রধানমন্ত্রী মেট্রোরেল ক্ষতিগ্রস্ত করার প্রসঙ্গ টেনে বলেন, এতে
আপনারাই কষ্ট পাবেন। দেশের মানুষই কষ্ট পাবে। এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন। ঘণ্টার
পর ঘণ্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে। কর্মস্থলে সময়মতো পৌঁছানো আবার ফেরত আসায়
দীর্ঘ সময় লাগবে, বসে বসে সেই ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া থেকে আপনাদের এই কষ্ট লাঘব
করতে চেয়েছিলাম।
তিনি বলেন, তাই আমি আপনাদেরকেই বলব যে কষ্ট আমি লাঘব করতে চেয়েছি সেই কষ্ট আবার যারা সৃষ্টি করল তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই।










