স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে নিরাপত্তার স্বার্থে সেফ কাস্টডিতে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’

গতকাল দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রী কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত পিবিআই অফিস, পাসপোর্ট অফিসসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোটা আন্দোলনের সময় একদল গুজব ছড়িয়েছে, আরেক দল আক্রমণ করেছে। এমন ডেডিকেটেড ও সংঘবদ্ধ আক্রমণকারী একমাত্র বিএনপি-জামায়াত জঙ্গিদের কাছে রয়েছে। আমরা তদন্তের মাধ্যমে প্রমাণও পাচ্ছি তাদের সংঘবদ্ধ আক্রমণের। গুজব ছড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে উসকে দিয়ে বিএনপি-জামায়াত জঙ্গিরা সরকারি, বেসরকারি অফিসসহ বিভিন্ন স্থাপনায় ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। নরসিংদী জেলা কারাগারসহ বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে অস্ত্র লুট করে জঙ্গিবাদের উত্থান ঘটানোর চেষ্টা করা হয়েছে। পুলিশের লুটকৃত অস্ত্র বিএনপি-জামায়াত জঙ্গিরা ব্যবহার করছে।’ গুজব ছড়ানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এখনো বহির্বিশ্বে বসে কিছু লোক সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে মানুষকে উসকে দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’