যশোরে গ্রিল কেটে ঘরে ঢুকে ঘুমন্ত দম্পতিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে শহরের রেল সড়কে ফুট গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাবেক কৃষি ব্যাংকের অডিট অফিসার মুস্তাফিজুর রহমান (৬৪) ও তার স্ত্রী চারমিনা খানমকে (৪২) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন মুস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে তিনি তার বসতবাড়ির দ্বিতীয় তলায় স্ত্রীসহ ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ভবনের দক্ষিণ পাশের গাছ বেয়ে উঠে বাসার গ্রিল কেটে ঘরে ঢোকে। তারা ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার স্ত্রী ঠেকাতে এলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার রায়হান কবীরের উদ্ধৃতি দিয়ে বলেন, রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। এখন তারা শঙ্কামুক্ত।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।









