ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে নৌকা ডুবে ৫ জননিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার চরনাছিরপুর ইউনিয়ন এলাকায় দুর্ঘটনা ঘটে। তারা সবাই কৃষি শ্রমিক ও কৃষক। নদী পার হওয়ার সময় ঝড়ো হাওয়ার মুখে পড়লে নৌকাটি ডুবে যায়। একটি ছোট নৌকায় ২৬ জন নদী পার হয়ে চরের জমিতে বাদাম ও অন্যান্য ফসল তুলতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলার নওয়াব মোল্লার ঘাট থেকে কৃষক ও শ্রমিকরা পদ্মা পার হয়ে চরের জমিতে যাচ্ছিলেন। এ সময় বাতাস ও তীব্র স্রোতে ছোট ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়। ২১ সাঁতরে পাড়ে উঠতে পারলেও ৫ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজরা হলেন সদরপুরের শহীদ মিয়া (১৬), রুবেল হোসেন (২৭) এবং চুয়াডাঙ্গা জেলার মো. শাহাবুল (৩৫), শিলন মিয়া (৩৮), আব্দুর রাজ্জাক (৪০)।
ডুবে যাওয়া নৌকার চালক সাবিক মোল্লা জানান, হঠাৎ নদীতে প্রবল বাতাস শুরু হলে স্রোতের টানে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
নিখোঁজ ও তীরে ফেরত আসাদের মধ্যে অধিকাংশই দেশের বিভিন্ন জেলা থেকে কৃষিকাজে সহায়তার জন্য এসেছিলেন।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার বলেন, খুলনা থেকে ডুবুরির দল এসে উদ্ধার কাজ শুরু করবে। এখন স্থানীয় পর্যায়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।










