দেশের ১৫০ প্রতিষ্ঠানে স্মার্টকার্ড ব্যবহার হচ্ছে। এ কার্ডে ২৫টি তথ্য রয়েছে। যেসব তথ্য ব্যক্তিগত জীবনের সব জায়গায় কাজে লাগবে। স্মার্টকার্ড না থাকলে কোনো নাগরিকের নাগরিকত্ব পূর্ণতা পায় না। আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা হলরুমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

নির্বাচন কমিশনার বলেন, দেশে যাদের পরিচয় নেই, তাদের এনআইডির আওতায় আনার জন্য এরই মধ্যে কর্মশালা করেছি। যাদের কোনো পরিচয় নেই, তাদের মানবাধিকারও নেই। মানবাধিকার পেতে হলে তাদের পরিচয় থাকতে হবে। আমরা তাদেরকে পরিচয়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি।

এ সময় চলমান নির্বাচন নিয়ে সন্তুষ্ট, আবার অসন্তুষ্ট বলে মন্তব্য করেন এ মাহবুব তালুকদার। তিনি বলেন, আমার সন্তুষ্ট হবার প্রকাশ খুব কম। অসন্তুষ্ট হওয়ার প্রকাশটাই বিভিন্ন সময়ে বেশি হয়ে থাকে। এ সময় আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও আইনানুগ হয় সেটা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি জানান।

এ সময় রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।