ঢাকা সফরে আসছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং। আগামী মাসে অনুষ্ঠিতব্য ‘১৪তম বাংলাদেশ-চীন ডিপলোমেটিক কনসালটেশনস’ শীর্ষক কূটনৈতিক পরামর্শ সভায় চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি। আজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ সফর সম্পর্কে অবহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত আগামী ২-৩ এপ্রিল চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের আসন্ন বাংলাদেশ সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং ১৪তম বাংলাদেশ-চীন কূটনৈতিক পরামর্শ সভায় চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, পরামর্শ সভায় বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয়গুলো পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোয় সহযোগিতা বৃদ্ধির নতুন পথ খোঁজা হবে। সফরকালে উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েইডং বাংলাদেশের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে নির্ধারিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সরকার গঠনের পর এ সফর বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এক নতুন গতির সঞ্চার করবে। রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতকালে এমন আশা প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের দীর্ঘদিনের সমর্থন ও অবদানের স্বীকৃতি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।