শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ শুরু করেছে সরকার। বিশেষ এ অভিযানে গত দুদিনে ১ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক এ এইচ এম শাহাদাত হোসাইন বণিক বার্তাকে জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চলবে।
পুলিশ সদর দফতর জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) রাত থেকে শুরু হয়ে গতকাল রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত চলা এ অভিযানে ১ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি করে বিদেশী পিস্তল, রামদা, তলোয়ার, চাকু ও রিচার্জেবল ‘স্টানগান’ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানায় ৯০৭ জনকে গ্রেফতার করা হয়।










