‘পারফেক্ট’ না হলেও অতীতের নির্বাচনের তুলনায় অনেক ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সিইসি বলেন, ‘আমরা বলছি না যে পারফেক্ট নির্বাচন করেছি। তবে যেটুকু হয়েছে, তাতে আমার মনে হয় অতীতের নির্বাচনের ইতিহাসের তুলনায় যেকোনো মানদণ্ডে অত্যন্ত ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। জাতিকে আমরা যে ওয়াদা দিয়েছিলাম, সেই ওয়াদা আমরা পরিপূর্ণ করতে পেরেছি বলে আমরা মনে করি।’
গতকাল রাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।
ভোটের ফল প্রদানে দেরি হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘যেহেতু সংসদ নির্বাচনের সঙ্গে একটা গণভোটও হয়েছে, সেহেতু ভোট গুনতে একটু সময় লাগছে। এর সঙ্গে পোস্টাল ব্যালটের বিষয়টাও আছে।’
সিইসি বলেন, ‘আমরা অত্যন্ত স্বচ্ছ থাকতে চাই। আমরা কোনো লুকোচুরিতে বিশ্বাস করি না।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সাংবাদিকরা আমাদের থার্ড আই (তৃতীয় চোখ)। তারা আমাদের সিসি ক্যামেরা। তাদের ক্যামেরা তলে আমরা সবকিছুর সমাধান করতে চাই। গণমাধ্যমের মাধ্যমে আমরা সারা দেশের মানুষকে দেখাতে চাই যে আমাদের মধ্যে কোনো লুকোচুরি নেই।’
তিনি পরিশেষে বলেন, ‘আমরা সম্পূর্ণ স্বচ্ছভাবে একটা নির্বাচন দেয়ার চেষ্টা করেছি। কিন্তু আমাদের ফল ঘোষণার মধ্যেও এরই মধ্যে অনেকে বলা শুরু করেছেন যে ‘‘দেখলাম প্রথম ২ ঘণ্টার মধ্যে ৮ শতাংশ, আবার ২ ঘণ্টা পরে তা ২০-২৫ শতাংশ কীভাবে হলো?’’ অতীতেও এটা ছিল। তখন তো সন্দেহজনক অনেক কাজ হয়েছে। এখন এ প্রশ্ন কেউ করবেন না। আমাদের সাড়ে ৪২ হাজার কেন্দ্রের মধ্যে যে কয়টার পাচ্ছি, সেগুলো মোটামুটিভাবে যোগটোগ করে রেজাল্ট দিচ্ছি। এজন্য যত রেজাল্ট আসতে থাকবে, হেরফের হবেই। এখানে অন্য কোনো কারসাজি নেই। এটা সম্পূর্ণ হিসাবের ব্যাপার। এটা হিসাব করে রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত যে ফল আমরা পাব, সেটাই আমরা ঘোষণা করব।’









