বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। গত ১৬ বছরের সব ঝড়-ঝঞ্ঝা আর গ্লানি মুছে দিয়ে এ নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা থামব না, আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই।’
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী আয়োজিত ‘দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের স্বপ্ন দেখতে হবে। আকাশ ছোঁয়ার স্বপ্ন, যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না। অভিভাবকদের বলছি, সন্তানদের এ মেলায় নিয়ে আসুন। সবগুলো স্টল ঘুরিয়ে দেখান এবং মেলা থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করুন আপনারা সন্তান এ ফেস্ট থেকে কী শিখতে পেরেছে।’
তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের একটি বিষয় হলো, শিক্ষার্থীদের মধ্যে অনেকে এসএসসি পাস করার পর বিদেশে চলে যায়, আর মেয়ে শিক্ষার্থীদের বিয়ে দিয়ে দেয়, এটি খুবই দুঃখজনক। আমি বলব আপনারা স্বপ্নটাকে বড় করে দেখুন, ওই স্বপ্নে পৌঁছে দেয়া পর্যন্ত আমরা আপনাদের সহযোগিতা করব।’
দেবিদ্বার স্টুডেন্ট ফেস্টে আরো বক্তব্য দেন ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ সাংবাদিক সাইদ আবদুল্লাহ, এসিএস ফাউন্ডার নুমেরী সাত্তার অপার। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল হাসনাত খাঁন।
এ সময় আরো উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামদুদ্দীন মোহাম্মদ ইলিয়াস। এর আগে হাসনাত আবদুল্লাহ অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দেবিদ্বার স্টুডেন্ট ফেস্টে মোট ৩৯টি স্টল রয়েছে।
মেলায় বিকালে সংগীত শিল্পী আসিফ আকবর শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।










