বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের কলমাশিবা গ্রামে আগ্নেয়াস্ত্র কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ কারখানা থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কাহালু উপজেলার কলমাশিবা গ্রামের মৃত দেবেন্দ্রনাথ প্রামাণিকের ছেলে নিলু চন্দ্র প্রামাণিক (৪৫) ও নিলুর ছেলে সঞ্জিত চন্দ্র প্রামাণিক (২২)।
গতকাল দুপুরে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতে কাহালু উপজেলার কলমাশিবা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে একরাম হোসেন সরদার ওরফে বগা (৩২) নামে এক যুবকের দুই পায়ে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনার তদন্তকালে সন্দেহভাজন হিসেবে নিলু ও তার ছেলে সঞ্জিতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে নিলুর বাড়ির টয়লেটের পাশে মাটির নিচে বাজারের ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় দেশীয় আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক তৈরির যন্ত্রাংশ উদ্ধার করা হয়।










