মানিকগঞ্জের ঘিওরে ট্রাকচাপায় সোহাগ (২৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে আরিচাগামী একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডিমভর্তি ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারী গুরুতর আহত হন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানায়, আহতদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। নিহত সোহাগ বানিয়াজুরী গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোচালক।
মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।










