রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক ছাত্র সম্মেলন ও গবেষণা মেলা-২০২৪’।

রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (আরইউআরএস) আয়োজনে আগামীকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে এ মেলা দুই দিনব্যাপী চলবে।

বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাকিবুল হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গবেষণা সংসদের মূলনীতিগুলো হলো রিসার্চ, রেনোভেশন ও রেভোলিউশন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা সংস্কৃতি তৈরির লক্ষ্যে আমরা সক্রিয়ভাবে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম, ইভেন্ট, সেমিনার, ওয়ার্কশপ ও প্রশিক্ষণের আয়োজন করে থাকি।

দুই দিনব্যাপী এ মেলায় পাঁচ শতাধিক গবেষকসহ প্রায় ১ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক অংশগ্রহণ করবেন। দেশ এবং বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৫৭৩টি গবেষণা সারসংক্ষেপ জমা হয়েছে। ৮৬ জন শিক্ষক দ্বারা নিরীক্ষণের পর ৩৩৪টি সারসংক্ষেপ চূড়ান্ত পর্যায়ের জন্য বাছাই করা হয়। সেখান থেকে ২০২ জন প্রেজেন্টিং অথরসহ সর্বমোট ৪০৭ জন গবেষক চূড়ান্ত পর্যায়ে নিবন্ধন করেছেন।

মেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। এর মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদ, ৪টি ইনস্টিটিউট এবং একটি আন্তর্জাতিক গবেষণা সংগঠনের সরাসরি স্টল থাকবে।

দুই ক্যাটাগরির এ মেলায় কনফারেন্সে দুই ধরনের প্রেজেন্টেশনের সুযোগ রয়েছে—ওরাল প্রেজেন্টেশন ও পোস্টার প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের পর গবেষণা সংক্রান্ত প্রবন্ধগুলো গবেষণা সংসদের বুক অব অ্যাবস্ট্রাক্টে লিপিবদ্ধ করা হবে। এছাড়াও ইনডেক্সিং পার্টনারদের মাধ্যমে প্রকাশের সুযোগ থাকবে।

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. আমিনুল ইসলাম, রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, অস্ট্রেলিয়ার ওলংগং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ড. আব্দুল্লাহ আল মামুনসহ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক।