ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ৮০ দশমিক ১১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল সন্ধ্যায় প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী অনুমোদিত ভোটারের সংখ্যা ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন, যা মোট নিবন্ধনকারী অনুমোদিত ভোটারের ৮০ দশমিক ১১ শতাংশ।
সালীম আহমাদ খান বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি পোস্টাল ভোট, যা মোট প্রদান করা ভোটের ৭৬ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে গ্রহণ করা বৈধ ভোট ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি, যা ৭০ দশমিক ২৫ শতাংশ।’
তিনি জানান, ৪ লাখ ৯৮ হাজার ২৬৬ জন প্রবাসীর পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। রিটার্নিং কর্মকর্তা ৪ লাখ ৯৮ হাজার ২০৫ ব্যালট গ্রহণ করেছেন। অন্যদিকে দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ৬ লাখ ৬৭ হাজার ৩৮৮ জন ভোটারের ভোট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা।
বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠায় ইসি।
সালীম আহমাদ খান আরো জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেন।









