দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি।
আজ রোববার সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া সই করা এক চিঠিতে সংগঠনটি জানায়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বর্তমানে দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করা হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা সংকটে রয়েছেন।
চিঠিতে আরো বলা হয়, ঈদ ও পূজার আগে দোকান খোলা রাখার সময় বাড়ানোর বিষয়ে জ্বালানিমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। ঈদ ও পূজায় বেচাকেনা কিছুটা বাড়ে। এরই মধ্যে জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং নিয়ন্ত্রণে এসেছে। ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বিষয়টি বিবেচনায় নিয়ে দুর্গাপূজা উপলক্ষে ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখার ঘোষণা দেয়ার জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।









