ফেনীতে সড়ক দুর্ঘটনায় মো. করিমুল্লাহ (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ছাগলনাইয়া উপজেলার মনুরহাট রৌশনাবাদ একাডেমির অধ্যক্ষের দায়িত্বে ছিলেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বক্তারহাট এলাকায় সিএনজি অটোরিক্সার সঙ্গে ব্যাটারিচালিত রিক্সার সংঘর্ষে তার মৃত্যু হয়েছে। নিহত করিমুল্লাহ ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের কাজী বাড়ির সন্তান। তিনি ফুলগাজী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ছাগলনাইয়া একাডেমির সাবেক প্রধান শিক্ষক ছিলেন।
রৌশনাবাদ একাডেমির সহকারী শিক্ষক মীর একরাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে করিমুল্লার মরদেহটি উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্তের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, বক্তারহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর শুনেছি। বিস্তারিত এখনো জানা যায়নি।










