শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার ও শ্রম সংক্রান্ত সমস্যা নিরসন এবং শ্রম খাতে সম্ভাবনার ক্ষেত্র প্রসারিত করার লক্ষ্যে সরকার-মালিক-শ্রমিক টিম ওয়ার্ক চলমান থাকবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ শুক্রবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সভায় প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রীর সুচিন্তিত পরামর্শ এবং প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান ও বাস্তবায়নের ফলে গত ঈদুল-ফিতর উদযাপনের প্রাক্কালে দেশের সার্বিক শ্রম পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হয়েছিল। বেতন বোনাস ও প্রাপ্য ছুটি ঈদের আগে নিশ্চিত করায় শ্রমিক ভাই-বোনেরা নিরাপদে হাসিমুখে বাড়ি ফিরে আনন্দ উপভোগ করেছিলেন। আগামী ঈদুল-আযহা উপলক্ষে প্রস্তুতি হিসেবে এরই মধ্যেই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। শ্রমিক ও মালিক পক্ষের আন্তরিক সদিচ্ছা ও গঠনমূলক সহযোগিতা পেলে এই পদক্ষেপ ইতিবাচকভাবে বাস্তবায়ন করা সম্ভব।
সভার মধ্যভাগে মিরপুর কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ১৩ জন শ্রমিকের প্রত্যেক পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
এর আগে সকাল ৮ টায় মহান মে দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। শ্রমমন্ত্রীর নেতৃত্বে ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি সজ্জিত এ র্যালি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মূল ফটকে এসে শেষ হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রমসচিব মো. আব্দুর রহমান তালুকদার, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিত সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কারখানা মালিক ও শ্রমিকপক্ষের আমন্ত্রিত অতিথি এবং শ্রমিকেরা সভায় উপস্থিত ছিলেন।










