নারায়ণগঞ্জ নগরীর বালুর মাঠ এলাকায় আবাসিক ভবনে গড়ে ওঠা রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ছয়টি রেস্তোরাঁ মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জননিরাপত্তা ও অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে সাতদিনের সময় বেঁধে দেয়া হয়।
গতকাল দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় রাউজকের ৮ নম্বর জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন, পরিদর্শক শফিউল্লাসহ অন্যান্য কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, ভবনগুলোয় জরুরি বহিরাগমন ব্যবস্থা না থাকায় ৫০ হাজার টাকা করে ছয়টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যারা রেস্তোরাঁ গড়ে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে চলেছে, তাদের বিরুদ্ধে রাজউকের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।










