চাঁদপুরে পদ্মা-মেঘনার অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৭ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ। এর মধ্যে ১১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। ছয়জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান।
আটক জেলেরা হলেন নাজমুল হাসান, মো. আসলাম, মো. আব্দুর রশিদ, মো. সুজন, মো. ইউসুফ, মো. রুবেল মিজি, মো. মাসুম, মো. জুয়েল মিজি, বিল্লাল হোসেন, মো. মেয়াজিব, মাসুদুর রানা। বাকিরা অপ্রাপ্তবয়স্ক। আটককৃতরা মুন্সীগঞ্জ ও চাঁদপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
ওসি মো. কামরুজ্জামান বলেন, সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলাচর ও চিরাচর নামক স্থান থেকে জাটকা ধরা অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল, দুটি মাছ ধরার কাঠের নৌকা ও ৮৮ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।










