বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকালে গুলশানের বাসা থেকে সাদা পোশাকে পুলিশ তাকে গ্রেফতার করে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যের বেশ কয়েকজনকে গ্রেফতারের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের অংশীদার ওয়ার্কার্স পার্টির সভাপতি মেননকে গ্রেফতারের খবর এল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান রাজনীতিবিদ মেননকে গ্রেফতারের তথ্যটি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন। যদিও পুলিশের পক্ষ থেকে গ্রেফতারের তথ্য দেয়ার আগে বিকালে মেননের বাসার নিরাপত্তাকর্মী আব্দুল মোমিন বলেন, ‘গুলশানের বাসা থেকে সাদা পোশাকে পুলিশ তাকে তুলে নিয়ে গেছে।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্যের’ অভিযোগে করা মামলায় তাকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নেয়ার খবর আসে। মো. জিয়াউল হক নামে এক আইনজীবী ঢাকার মহানগর হাকিমের আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকেও আসামি করা হয়। 

এর আগে সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেন কোটা সংস্কার আন্দোলনের সময় আহত এক ছাত্রদল নেতা। সেখানেও আসামি করা হয় মেননকে। ওই মামলায় এ দুজন ছাড়াও শেখ রেহানা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও ইনুসহ ৮৭ জনের নাম উল্লেখ করে এবং ৫০০-৬০০ জন অজ্ঞাতদের বিরুদ্ধে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জুবের আহমদ আদালতে মামলার আবেদন করেন। 

মামলার এজাহারে বলা হয়, ৪ আগস্ট সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি ও হামলা চালায়। এতে অনেকের সঙ্গে বাদী নিজেও আহত হয়েছেন।