ফরিদপুরের নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়ায় ভাঙ্গা থেকে রাজশাহীগামী আন্তনগর মধুমতি এক্সপ্রেস টেনে কাটা পড়ে মারা গেছেন দুই কৃষক। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শ্রীরামদিয়া গ্রামের ওয়াজেদ মমোল্লার পুত্র কৃষক অহেদ মোল্লা (৫০) ও শাহেদ আলী মোল্লার পুত্র লিটু মোল্লা (৫২)।
স্থানীয়রা জানায়, দুই কৃষক ডিজেল ইঞ্জিনচালিত হাস্কিং মেশিন (ধান ভাঙ্গানোর কল) নিয়ে গ্রামের মধ্য দিয়ে আধাপাকা ওই সড়ক দিয়ে রেল ক্রসিং পার হচ্ছিলেন। এমন সময় ভাঙ্গা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে চলে গেলে দুজনেই কাটা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নগরকান্দা থানার ওসি মো. সোহেল রানা এতথ্য নিশ্চিত করেছেন।
ফরিদপুর রেল স্টেশনের মাস্টার মো. মাসুদ রানা রনি জানান, ওই রেলক্রসিংটি সম্পূর্ণ অবৈধ। ফলে সেখানে কোনো ক্রসবার বা গার্ড নেই। রাজবাড়ী জিআরপি থানা পুলিশ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবে।










