পণ্যে ওজন কম দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে একটি অসাধু ব্যবসায়ী গোষ্ঠী। এ প্রতারণা থেকে ভোক্তাদের রক্ষা করে অসাধু ব্যবসায়ীদের রুখে দিতে প্রয়োজন শক্তিশালী একটি পরিমাপ নীতিমালা। এক্ষেত্রে ভোক্তা অধিদপ্তরের পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন বা বিএসটিআইকে ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান।
মঙ্গলবার (২০ মে) বিশ্ব পরিমাপ দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অডিটোরিয়ামে বিএসটিআই আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মো. হাফিজুর রহমান আরো বলেন, পণ্যে ওজন ঠিক থাকা ও খাদ্য নিরাপত্তা ভোক্তাদের অধিকার। বিএসটিআইয়ের আইন থাকলেও অনেক সময় তা মানা হয় না। আবার যথাযথ প্রয়োগও দেখা যায় না। সেক্ষেত্রে একটি শক্তিশালী পরিমাপ নীতিমালা থাকলে আরো কঠিনভাবে আইনটি প্রয়োগ করা সম্ভব হবে। এজন্য বিএসটিআইকে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট ও অন্যান্য সেবা আরো জোরদার করতে হবে।
বিএসটিআই-এর এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর। তিনি বলেন, ১৮৭৫ সালে ফ্রান্সে শুরু হওয়া বিশ্ব পরিমাপ দিবস এবার ১৫০ তম বার্ষিকী পালন করছে। আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে পরিমাপ জড়িত। পরিমাপ নীতিমালা করার গুরুত্ব আমরা বুঝতে পারছি না। পরিমাপ নীতি প্রণয়ন করতে আমরা উপদেষ্টা ও সরকারের সঙ্গে কথা বলব। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এ ধরনের নীতি সহায়ক হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। এ সময় সাবেক মহাপরিচালক মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন বিভাগের পরিচালক, জেলা কার্যালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।









