বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। তবে নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের যেকোনো নির্দেশনা পালনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত।’

গতকাল হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন পুলিশপ্রধান। এরপর মাজার মসজিদে জুমার নামাজ আদায় করে নিজের মা-বাবার কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা নির্বাচন করে আসছি। নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা ও প্রশিক্ষণ পুলিশের আছে। নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকি। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করব।’

তিনদিনের সফরে বৃহস্পতিবার রাতে সিলেট আসেন আইজিপি। গতকাল ও আজ সিলেট জেলা ও মহানগর পুলিশের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।