কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে জান্নাত আরা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীর খিলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত আরা বেগম (৩০) ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকার নুরুল কবিরের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের খিলকাটা এলাকায় প্রতিদিনের মতো ফসলি জমিতে কাজে যান জান্নাত আরা বেগম। ওই সময় পাহাড় থেকে খাবারের খোঁজে নেমে আসা বন্যহাতির সামনে পড়েন তিনি। এক পর্যায়ে সেটির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, আজ সকাল ১০টার দিকে ফাঁসিয়াখালীর খিলকাটা এলাকায় বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি থানায় ও বনবিভাগকে জানানো হয়েছে।










