জাতীয় সংসদের স্পিকারের দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন। এরই মধ্যে তার আসন শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য হয়েছে।

বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। গত ৩ মে শপথ নেন তিনি। সে হিসেবে প্রায় পাঁচ মাসের মধ্যে সংসদ সদস্য পদ ছাড়লেন তিনি।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাংচুর হয়। ওই ঘটনায় বিএনপির একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠে। সেই জেরে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দেন।

এছাড়া গতকাল ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

ফেরদৌসী আহমেদ মিষ্টি সাবেক কাউন্সিলর সাইদুর রহমান নিউটনের স্ত্রী ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন।

২০০২ সালের ১০ মে ধানমন্ডির অর্কিড প্লাজার সামনে গুলিতে নিহত হন মিরপুর থানার বিএনপি নেতা ও তৎকালীন ৮ নম্বর ওয়ার্ড কমিশনার নিউটন। অন্যদিকে ২০১৫ সালের ৩ মে কারাগারে মারা যান পিন্টু।