ঈদুল ফিতরের পরে সাত দিনব্যাপী বাংলাদেশ রেলওয়ে'র ফিরতি যাত্রা শুরু হয়েছে আজ। যদিও দেশের বিভিন্ন গন্তব্য থেকে যাত্রীদের রাজধানীতে আগমন ছিল কম। তবে ট্রেনগুলোতে আজও ঢাকার বাইরে অনেক যাত্রী গ্রামের বাড়িতে যাচ্ছেন।

শনিবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, আজ ট্রেন অনেকটাই ফাঁকা ছিল। আগামীকালও ছুটি ফলে পরশুদিন থেকে ট্রেনে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়বে।

ভোর রাত থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসে পৌঁছেছে। এসবের মধ্যে পঞ্চগড় থেকে আসা একতা এক্সপ্রেস (৭০৬) ট্রেনটি সকাল ৮টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।

এ ট্রেনের যাত্রী হাবিবুর রহমান বলেন, ঈদের ৫ দিন আগেই বাড়ি গিয়েছিলাম। যদিও কাল বন্ধ তারপরও কিছু কাজ থাকায় আজই ঢাকায় ফিরেছি। স্ত্রী আর দুই ছেলেমেয়ে আরো কয়েকদিন পরে ফিরবে। আজ যথেষ্ট নির্বিঘ্নে যাত্রা সম্পন্ন হয়েছে। ট্রেন অনেকটা ফাঁকা ছিল।

বাংলাদেশ রেলওয়ে জানায়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি করা হয় ৩ এপ্রিল; ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ৪ এপ্রিল; ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ৫ এপ্রিল; ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ৬ এপ্রিল; ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ৭ এপ্রিল; ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ৯ এপ্রিল। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর ২ ঘণ্টা আগে থেকে প্রারম্ভিক স্টেশন থেকে দেয়া হয়।