চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬ শেষ হয়েছে। শনিবার (২২ আগস্ট) নগরীর পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় স্থাপত্য, নির্মাণ, আবাসন ও অবকাঠামো খাতের এ আয়োজন।

বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (আইএবি), চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ এক্সপোয় ঢাকা ও চট্টগ্রামের ৩০টি প্রতিষ্ঠান অংশ নেয়। তিন দিনব্যাপী আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি ব্র্যান্ড অ্যাক্টিভেশন, ব্যবসায়িক যোগাযোগ, সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি তার বক্তব্যে বলেন, সরকার এ মুহূর্তে দেশে ভূমি ব্যবস্থায় ডিজিটাল সার্ভে বাস্তবায়নের চেষ্টা করছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে এ বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে ভূমি ব্যবস্থায় সব ধরনের দুর্নীতি কমে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি আমিরুল হক এবং বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের (আইএবি) সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম. আহমেদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬-এর উপদেষ্টা স্থপতি মাহাদি ইফতেখার, আহ্বায়ক স্থপতি মিজানুর রহমান, সদস্য স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, এন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম মঞ্জুরুল হকসহ আয়োজক কমিটির সদস্য, স্থপতি ও প্রকৌশলীরা।

বক্তারা জানান, দ্রুত সম্প্রসারিত চট্টগ্রাম নগরীর টেকসই ও পরিকল্পিত উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে নীতিনির্ধারক, স্থপতি, প্রকৌশলী ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। একই সঙ্গে এ ধরনের আয়োজন নতুন প্রযুক্তি, পরিবেশবান্ধব নির্মাণপদ্ধতি ও উদ্ভাবনী ধারণা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক্সপো সফলভাবে সম্পন্ন করতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত বলে জানান এবারের আয়োজনের আহ্বায়ক স্থপতি মিজানুর রহমান। তিনি বলেন, চট্টগ্রামে প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করায় শুরুতে কিছুটা চ্যালেঞ্জ ছিল। তবে সংশ্লিষ্ট পেশাজীবী, ব্যবসায়ী, প্রতিষ্ঠান ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজন করার মাধ্যমে এ ধারাবাহিকতা ধরে রাখার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।