আগস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশে নেমেছে। গত নয় মাসের মধ্যে এটি সর্বনিম্ন মূল্যস্ফীতি। জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। তবে মাসিক ভিত্তিতে আগস্টে মূল্যস্ফীতি বেড়ে ২ দশমিক ৩১ শতাংশ হয়েছে, যা জুলাইয়ের তুলনায় দশমিক ৮৭ শতাংশীয় পয়েন্ট বেশি।
আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত ভোক্তা মূল্যসূচক ও মূল্যস্ফীতির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, আগস্টে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্যে তা বেড়েছে। এ সময় খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক শূন্য ২ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।
অন্যদিকে শহরের তুলনায় গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি বেশি ছিল। আগস্টে গ্রামে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ, আর শহরে ৮ দশমিক ২০ শতাংশ।
এদিকে মূল্যস্ফীতির পাশাপাশি আগস্টে সাধারণ মজুরি বাড়ার হারও কমেছে। জুলাইয়ে সাধারণ মজুরি সূচক ছিল ৮ দশমিক ২২ শতাংশ। আগস্টে তা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক শূন্য ৫ শতাংশে। তবে মাসিক ভিত্তিতে মজুরি বাড়ার হার দশমিক ২২ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।
কৃষি, শিল্প ও সেবা এ তিন খাতেই মজুরি বাড়ার হারে একই প্রবণতা দেখা গেছে।










