ফটোসাংবাদিক বাদল দাস নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তিনি দৈনিক নবচেতনা পত্রিকার ফটোসাংবাদিক হিসেবে কর্মরত। তার বন্ধু পরিচয় দিয়ে সুজিত শেখ বাবু জিডিটি করেছেন বলে বুধবার নিশ্চিত করেছে পল্টন থানা পুলিশ।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বণিক বার্তাকে বলেন, ফটোসাংবাদিক বাদল দাস নিখোঁজের বিষয়ে থানায় একজন জিডি করেছেন। আমরা এটা নিয়ে কাজ করছি। তার সন্ধান নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।
জিডি সূত্রে জানা যায়, বাদল দাস পটুয়াখালী সদর থানা এলাকার ৩৫ সদর রোড নতুন বাজার গ্রামের বাসিন্দা বাসু দেব দাসের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর গুলিস্তানে শিশুকল্যাণ পরিষদ ভবনে বসবাস করছিলেন। গত সোমবার থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবার ও সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
নিখোঁজ বাদলের সহকর্মীরা জানান, নিখোঁজের পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি কক্ষে পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যেই একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, বাদল দাস ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি জানার পর তার রুমমেট ও ফটোসাংবাদিক সুজিত শেখ বাবু মতিঝিল থানায় এবং ডিবি কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেন। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাদল দাসকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়নি। ডিবি কার্যালয় থেকেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।










