খাগড়াছড়ির রামগড়ে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সালিশি বৈঠকের পর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে খাগড়াছড়ির রামগড়ের তৈছালাপাড়ায়। নিহতের নাম মো. আবুল কালাম (৫০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন।
জানা গেছে, রামগড় পৌরসভার ৬নং তৈছালাপাড়া ওয়ার্ডের জনৈক মর্তুজা আলীর জমিতে একই এলাকার সাদ্দাম নামক আরেক ব্যক্তির গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সামাজিক বিচার বসে। বিচারে বিষয়টি মীমাংসাও হয়। কিন্তু বিচার শেষে রাত সাড়ে ৯ টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
মাঈন উদ্দিন জানান, সংঘর্ষে অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মো. আবুল কালাম মারা যান।









