ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নাইম আকন্দ (১৫) নামের এক মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। গতকাল রোববার ( ৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার সিডস্টোর ঢালিবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত নাঈম গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে। সে ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভালুকা জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার ৩০ জন ছাত্র-শিক্ষক টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকায় আসেন। টঙ্গীর প্রথম পর্বের মোনাজাত শেষে সবাই একটি ট্রাকে করে ফিরছিলেন। পরে ওইদিন রাতে ঢালিবাড়ী ইউটার্নে মোড় নেয়ার সময় একটি কাভার্ডভ্যান সামনে পড়লে তাৎক্ষণিক ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই ট্রাক। এতে  ট্রাকে থাকা অন্তত ৩০ জন আহত হন ও নাইম আকন্দ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

পরে দুর্ঘটনায় গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি আতাউর রহমান।