বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই ইউনিয়ন পরিষদ সদস্যের দ্বন্দ্বের জেরে মো. শাকিব (১৮) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার সকাল ১০টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই কিশোর। সে উপজেলার খরনা ইউনিয়নের রাজমিস্ত্রি আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শাজাহানপুরের খরনা ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য সেলিনা আকতার মুন্নি বীরগ্রাম দক্ষিণপাড়া গ্রামে রাস্তায় সিসি ঢালাই কাজের জন্য সরকারী বরাদ্দ পান। ওই কাজ নিয়ে তার সঙ্গে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমানের দ্বন্দ্ব চলছিল। গত ২৪ অক্টোবর ওই প্রকল্পের কাজ শেষ হয়। কাজ শেষে বেঁচে যাওয়া বালু রাস্তার পাশে পড়ে ছিল। সেদিন রাতেই জিয়াউর রহমানের লোকজন বালুগুলো তুলে নিয়ে যায়। এ নিয়ে ওই নারী ইউপি সদস্যের ছেলে মিনহাজ ও তার বন্ধু শাকিবের সঙ্গে জিয়াউর রহমান ও তার সহযোগী নয়নের তর্ক হয়। এর জেরে রোববার রাতে শাকিবকে কয়েকজন দুর্বৃত্ত মারপিট ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যায় শাকিব।
এ ঘটনায় ৩১ অক্টোবর শাকিবের মা আছমা খাতুন বাদী হয়ে খরনা ইউনিয়ন পরিষদ সদস্য জিয়াউর রহমান ও সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চারজনকে অভিযুক্ত করে মারধর ও ছুরিকাঘাতের মামলা দায়ের করেন।
মারধর ও ছুরিকাঘাতের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ওই দুই ইউপি সদস্যের দ্বন্দ্বে শাকিব খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।










