দিনাজপুরের হিলিতে এক সন্তানের জননী এক নারীকে (২৭) ধর্ষণের অভিযোগ উঠেছে রাজু আহম্মেদ (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। ওই নারী ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলায় দায়ের করেছেন। আজ সোমবার সকালে ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
গতকাল রবিবার হিলির বৈগ্রাম নামক গ্রামে এই ঘটনাটি ঘটে। ওই রাতেই গৃহবধু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। রাজু আহম্মেদ ওই এলাকার অজিত মিয়ার ছেলে।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরেই রাজু আহম্মেদ বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে রাস্তাঘাটে কুপ্রস্তাব দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার দুপুর আনুমানিক ২টার দিকে বাসায় সাংসরিক কাজ করছিলেন ওই গৃহবধু। এসময় তার স্বামী বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাঠে ধান কাটার কাজ করছিলেন। বাসায় কেউ না থাকার এই সুযোগে রাজু আহম্মেদ তার ঘরে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এসময় তিনি ধস্তাধস্তি করলে তার দেবরের স্ত্রী টের পেয়ে স্থানীয় লোকজনকে ডেকে নিয়ে আসে রাজু আহম্মেদকে আটক করে। এসময় সুযোগ বুঝে রাজু দৌড়ে পালিয়ে যান। এর আগেও রাজু আহম্মেদ ওই গৃহবধু ও তার সন্তানকে মেরে ফেলার হুমকি দেখিয়ে তার সাথে একাধিকবার দৈহিক সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগ দায়ের করেন।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ওই গৃহবধূ বাদী হয়ে গতকাল রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
সোমবার সকালে ওই গৃহবধুকে ডাক্তারি পরিক্ষার জন্য দিনাজপুর এমরহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একইসাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।









