মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিটিজেনস এগেইনস্ট করাপশনের (সিএসি) উদ্যোগে আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল— 'শ্রমিকের অধিকার, দুর্নীতির অবসান: সমৃদ্ধ আগামীর স্বচ্ছ অভিযান'।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসির চেয়ারম্যান ইউসুফ হোসেন। সংগঠনটির জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব, বিটিআরসির সাবেক চেয়ারম্যান মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিএসির উপদেষ্টা ও গবেষক ড. মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব খোরশেদ আলম খসরু, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, রাজনৈতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান রিজু এবং কবি আশরাফুল ইসলাম।
এ সময় সিএসির চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি হলেও এখনো অনেক ক্ষেত্রেই তারা ন্যায্য মজুরি, কর্মস্থলের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে এ বৈষম্য দূর করতে হবে।
তিনি আরো বলেন, গার্মেন্টস, নির্মাণ, পরিবহন ও শিল্পখাতসহ সব সেক্টরের শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য বেতন, চিকিৎসাসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মার্গুব মোর্শেদ বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং শ্রমিকবান্ধব নীতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র, মালিক ও শ্রমিক—সবার মধ্যে জবাবদিহিতা এবং সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে।
সংগঠনের জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদ বলেন, এ দেশ থেকে অনিয়ম ও দুর্নীতি দূর করার মাধ্যমে আমাদের এ দেশকে শ্রমিকবান্ধব, ব্যবসাবান্ধব ও নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে চায় সিটিজেনস এগেইনস্ট করাপশন। তিনি জানান, সংগঠনটি সেই পথেই যাত্রা শুরু করেছে।
সভায় আরো বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন।










