কোটা পদ্ধতির সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মেডিকেল কলেজসহ নগরীর উল্লেখযোগ্য প্রতিষ্ঠান (বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ) সমন্বিতভাবে আন্দোলন করা হবে। এ সময় প্রতিবাদস্বরূপ রাস্তায় বসে বই পড়তে দেখা যায় শিক্ষার্থীদের।
রাবির কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ আমান বলেন, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বহিশত্রুর দরকার নেই, এ কোটা বহাল থাকলে আমরা নিজেরাই এ দেশকে ধ্বংস করব। এ রাষ্ট্রকে বিনির্মাণে ছাত্রসমাজ রাজপথে থাকবে। কোনো রকম হুমকি, বাইক শোডাউন, হলে তালা দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবে না।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন লেখা-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেই সঙ্গে শিক্ষার্থীরা ‘মুক্তিযুদ্ধের বাংলায়, কোটাপদ্ধতির ঠাঁই নাই’, ‘সারা বাংলা খবর দে, কোটা পদ্ধতির কবর দে’, ‘দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান’, ‘আদায় হবে দাবি, পথ দেখাবে রাবি’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’, ‘কোটা বৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ প্রভৃতি স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।









