চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল রেলগেটের কাছে আড়াই কেজি ওজনের অবৈধ স্বর্ণালংকারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে একটি প্রাইভেটকার থেকে এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারের বাজারমূল্য দেড় কোটি টাকা।

আটককৃতরা হলেন প্রাইভেটকারের মালিক চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুরের নুর ইসলামের ছেলে বাপ্পী (৩০), চুয়াডাঙ্গা শহরের বনানীপাড়ার রিপন হোসেনের ছেলে সম্রাট হোসেন (৩২) ও মাদারীপুর জেলার জালালপুরের বাবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৪০)।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেফাউল হাসান জানান, গতকাল দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে দর্শনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি প্রাইভেটকার তারা অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে পুলিশ প্রাইভেটকার থামাতে বললে চালক গাড়ি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে প্রাইভেটকারটিকে ধাওয়া করে আলমডাঙ্গা বন্ডবিল রেলগেটের কাছে গতিরোধ করা হয়। প্রাইভেটকার তল্লাশি করে সিটের নিচ থেকে তুলা ও স্কচ টেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় রাখা স্বর্ণালংকারের ছয়টি বান্ডিল উদ্ধার করা হয়। এ সময় চালকসহ তিনজনকে আটক করে পুলিশ।