জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হওয়ার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের কর্মী মোহাম্মদ ছরওয়ারে আলম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তার জামিনের আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই আরিফ রেজা এ তথ্য দিয়েছেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই খন্দকার সালেহ আবু নাইম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।বাদীপক্ষে জামায়াতপন্থি আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের বিরোধিতা করেন। আসামিরপক্ষের আইনজীবী মো. আলমগীর জামিন চেয়ে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে তার জামিনের আদেশ দেন। এ মামলায় বাদী হয়েছেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম।

এর আগে, গতকাল বুধবার রাতে হাতিরঝিল থানার সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোর কথা জানিয়েছিল পুলিশ।

প্রসঙ্গত, শনিবার জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে আসা ‘নারী বিদ্বেষী’ একটি পোস্ট নিয়ে নানা সমালোচনা শুরু হয়। পরে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স হ্যান্ডেল ‘হ্যাকড’ করে ওই পোস্ট দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এ বিষয়ে অভিযোগ দেয়। এরপর মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের অভিযানে মতিঝিল এলাকা থেকে আটক করা হয় ছরওয়ারেকে।