সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক হিসেবে সাড়ে নয় বছরের দায়িত্বকাল শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটির সম্মাননীয় ফেলোর দায়িত্ব নেবেন ড. ফাহমিদা খাতুন। সিপিডির ৬৮তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
ড. ফাহমিদা খাতুন ২০০৩ সাল থেকে সিপিডির সঙ্গে যুক্ত। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সময়ে সিপিডির গবেষণা কর্মসূচির পরিধি, বৈচিত্র্য ও মান উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।
এ সময়ে অর্থায়নপ্রাপ্ত প্রকল্প ও কর্মসূচির সংখ্যা এবং অর্থায়নকারী সংস্থা ও উন্নয়ন সহযোগীর সংখ্যা বহু গুণে বেড়েছে। ধারাবাহিক সম্পদ আহরণ, বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে তার নেতৃত্বে সিপিডির উন্নয়ন তহবিল প্রায় ৫৯০ শতাংশ এবং বার্ষিক আয় প্রায় ১৭১ শতাংশ বেড়েছে।
এছাড়া সিপিডির ভৌত ও প্রযুক্তিগত অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন, কর্মীদের পেশাগত উন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি, প্রকাশনার মানোন্নয়ন, ডিজিটালাইজেশন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন শক্তিশালী করার ক্ষেত্রেও তিনি নেতৃত্ব দিয়েছেন। এর ফলে প্রতিষ্ঠানটি ভবিষ্যতের অগ্রযাত্রার জন্য একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।
সিপিডিতে যোগ দেয়ার আগে ড. ফাহমিদা খাতুন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশে ইউএনডিপি ও ইউএসএআইডি মিশনে তিনি ঊর্ধ্বতন পেশাগত দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়িয়েছেন তিনি। আন্তর্জাতিকভাবেও তিনি বিভিন্ন গবেষণা ও নীতি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।
ড. ফাহমিদা ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে পিএইচডি ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণাও করেছেন তিনি। তার গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে সামষ্টিক অর্থনৈতিক নীতি, রাজস্ব ও মুদ্রানীতি, ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন, আন্তর্জাতিক বাণিজ্য এবং স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক রূপান্তর।
দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন ড. ফাহমিদা খাতুন। তিনি জাতিসংঘ মহাসচিবের মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স (এমভিআই) বিষয়ক স্বাধীন বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য। এছাড়া জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রোডাক্টিভ ক্যাপাসিটিজ ইনডেক্স বিষয়ক উচ্চপর্যায়ের পরামর্শক বোর্ডের সদস্য তিনি।
তিনি বোস্টন ইউনিভার্সিটির জলবায়ু, উন্নয়ন ও আন্তর্জাতিক আর্থিক কাঠামোবিষয়ক আন্তর্জাতিক টাস্কফোর্সের সদস্য। পাশাপাশি ব্র্যাক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।










