চট্টগ্রামের বাঁশখালীতে ভোট কেন্দ্র বন্ধ করে দেয়ার চেষ্টার অভিযোগে ওয়ার্ড কাউন্সিলর আবদুল গফুরকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার মাহমুদ এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আবদুল গফুর বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

গত রোববার নির্বাচনের দিন বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দলবল নিয়ে দখলের চেষ্টা করেন কাউন্সিলর গফুর। এ সময় তাকে আটক করে পুলিশ।

আটকের খবর পেয়ে বাঁশখালী থানায় ছুটে যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ সময় তিনি পুলিশকে হুমকি দেন। ওই ঘটনার কিছুক্ষণ পরে মোস্তাফিজুর রহমানের প্রার্থীতা বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, কাউন্সিলর আব্দুল গফুর ভোট কেন্দ্র বন্ধ করে দেয়ার চেষ্টা ও পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এজন্য তাকে আটক করে থানায় আনা হয়। এসব অভিযোগে জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৮১ অনুচ্ছেদ অনুসারে আবদুল গফুরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।