সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত ওমর ফারুকের চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে তার অস্ত্রোপচার করা হয়। ছাত্রলীগ কর্মী ওমর ফারুক বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এর আগে শুক্রবার রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনিরুল ইসলাম সোহাগ জানান, ওমর ফারুককে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে পাঠানো হয়। আজ দুপুরে সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সে এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। আমরা নিয়মিত তার খোঁজ-খবর রাখছি।
গতকাল শুক্রবার কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের কর্মিসভা ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হন ১৫ ছাত্রলীগ কর্মী। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে। তবে আজ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রয়েছে।









