বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, মর্যাদাপূর্ণ সমাজ রূপান্তরে কাজ করতে হবে। আর এতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
আজ শনিবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা রিপোটার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মাঝে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে বিগত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভক্ত ছিল। ভীতসন্ত্রস্ত ছিল প্রত্যেক সেক্টরের লোকজন।
বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে। চাহিদা এবং যোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি। এজন্য তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা এবং দোয়া কামনা করেন।
দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে বলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, আপনাদের সকলের সহযোগিতায়, চিনির দাম, পেঁয়াজের দাম ও তেলের দাম কিছুটা কমে এসেছে এরই মধ্যে।
জ্ঞান অর্জনকে একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে এবং একই সঙ্গে লক্ষ্য অর্জনে প্রত্যয়ী হতে হবে।
ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি মো. শুকুর আলী শুভ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান (রিস্ক ম্যানেজমেন্ট কমিটি) একেএম মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন।










