বাগেরহাটের মোংলায় পশুর নদীর লাউডোব এলাকায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে সুন্দর বিশ্বাস (৫৫) নামের এক জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে পশুর নদী পার হওয়ার সময় ড্রেজারের সাথে ধাক্কা লেগে ওই ট্রলারটি ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে বাগেরহাট ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড কাজ শুরু করেছে।

মৃত সুন্দর বিশ্বাস দাকোপ উপজেলার লাউডোব গ্রামের বাসিন্দা।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ট্রলার ডুবির খবর জানতে পেরে আমরা উদ্ধার অভিযান শুরু করি। স্থানীয়দের সহায়তায় সুন্দর বিশ্বাস নামের একজনের মৃতদেহ উদ্ধার করেছি।

উদ্ধারকাজে অংশ নিতে এরই মধ্যে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। তিনি বলেন, ‘ডুবুরি দল আসলে উদ্ধার কাজ আরও সহজ হবে।’