ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রদানে বরাবরের মতোই সাধারণ ভোটারদের পাশাপাশি সবার দৃষ্টি ছিল হেভিওয়েট প্রার্থীদের ওপর। গতকাল সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোয় নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা ও হেভিওয়েট প্রার্থীরা। তাদের কেন্দ্রগুলোয় সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন ও বাড়তি নিরাপত্তা লক্ষ করা গেছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল পৌনে ১০টায় ভোট দিয়েছেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সেন্টারে। গুলশানের এ কেন্দ্রে তারেক রহমান প্রথমবার ভোট দেন। তিনি ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী; একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান। জাইমা এবারই প্রথম ভোটার হয়েছেন।
রাজধানী ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বাড্ডার একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ আসনে নিজ কেন্দ্রে ভোট দেন। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর খুলনার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সকাল ৮টায় তিনি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। তাকে লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়।
ঢাকা-১৩ আসনের প্রার্থী মো. মামুনুল হক। মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতীক নিয়ে তিনি লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিস থেকে।
কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। গোপালনগর হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।









