সর্বশেষ গতকাল আরো ১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ও দুটি ডিপার্চার ফ্লাইট। এছাড়া এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি অ্যারাইভাল ও দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ইউএস বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল এবং দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি সালাম এয়ারের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।
কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে। এর মধ্যে মাসকাট থেকে সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০১ চট্টগ্রামে এসে অবতরণ করে এবং একই এয়ারক্রাফট যাত্রী নিয়ে ওভি-৪০২ ফ্লাইট হিসেবে মাসকাটের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি অ্যারাইভাল ফ্লাইট বিজি-১৩৮ (মদিনা থেকে চট্টগ্রাম) এবং বিজি-১২২ (মাসকাট থেকে চট্টগ্রাম) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের এয়ারফিল্ড বন্ধ থাকায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে। গতকাল বাতিল হওয়া ১২টি ফ্লাইটসহ গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিমান চলাচল শুরু হবে।









