প্রান্তিক পর্যায়ের মৎস্য খামার ও হ্যাচারি, গবাদিপশু ও পোল্ট্রি খামারে উৎপাদন ব্যয় কমাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রিবেট দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এক বিজ্ঞপ্তিতে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য রফতানিতে উৎসাহ ও কৃষিভিত্তিক শিল্পকে আরো গতিশীল করতে বিদ্যুৎ রিবেট সংক্রান্ত নীতিমালার আওতায় বর্তমানে ১৬টি খাতে ২০ শতাংশ বিদ্যুৎ রিবেট দেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন চারটি খাতে ১০০ কোটি টাকার ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ।
ভর্তুকির আওতায় অন্তর্ভুক্ত খাতগুলো হলো—পশু ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, ফিস ফিড উৎপাদন, পোল্ট্রি শিল্প ও দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প। দুগ্ধ প্রক্রিয়াকরণের মধ্যে দুধ পাস্তুরিতকরণ, গুঁড়ো দুধ, আইসক্রিম, কনডেন্সড মিল্ক, মিষ্টান্ন, পনির, ঘি, মাখন, চকোলেট ও দই উৎপাদন অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারের এ উদ্যোগের ফলে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। শিল্পখাতে বিনিয়োগ বাড়ার পাশাপাশি নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে দেশ আরো স্বয়ংসম্পূর্ণ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।









