জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। নতুন বছরে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।

একই সঙ্গে মন্ত্রী বলেন, কৃষক কার্ড দেয়ার কার্যক্রম শুরু হয়েছে এবং জুনের মধ্যে হেলথ কার্ডও দেয়া হবে। জনগণের কল্যাণে কৃষি ঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ও খাল খননসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হাম প্রতিরোধে দেশের ৩০টি উপজেলা ও সিটি এলাকায় টিকা দেয়া হচ্ছে। ২০ তারিখ থেকে সারা দেশে শিশুদের হাম প্রতিরোধে টিকা ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরই মধ্যে সংক্রমণ কমাতে সরকার কিছুটা সফল হয়েছে এবং মৃত্যুহারও কমেছে বলে তিনি উল্লেখ করেন। আশা করা হচ্ছে, দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

অনুষ্ঠানে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ অন্যরা।