জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এটি জনগণের ওপর জুলুমের শামিল। মূল্য বাড়াতে হলে সংসদে আলোচনা করা উচিত ছিল। কিন্তু রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
সিলেটের বাদাঘাট এলাকায় হত্যার শিকার চার বছরের শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে আজ দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ফাহিমা হত্যা মামলার বিচার যদি দীর্ঘসূত্রিতার দিকে যায়, তাহলে আমরা ধরে নেব এ বিচার আর হবে না। রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যার বিচারও ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে—সরকারকে এমন নিশ্চয়তা দিতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।
তিনি আরো বলেন, আমরা চাই না, আর কোনো বাবা-মাকে বলতে হোক—আমার সন্তানকে আর ফিরে পাব না, আমি শুধু বিচার চাই। বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।
জামায়াত আমির বলেন, দেশের যেকোনো স্থানে নির্যাতিত বা মজলুম মানুষের ঘটনা ঘটলে তার দল মানবিক দায়িত্ববোধ থেকে পাশে দাঁড়াবে।
বিএনপি সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, এ মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে এটুকু বলা যায়, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই।










