কারফিউ চলাকালে জরুরি মানবিক প্রয়োজন ও পরিষেবার পাশাপাশি বিধিনিষেধের আওতামুক্ত থাকবে গণমাধ্যমও। গতকাল কারফিউ জারি হওয়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে এ নিয়ে এক গণবিজ্ঞপ্তি দেয়া হয়। তবে ওই বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের বিধিনিষেধ নিয়ে আলাদাভাবে কিছু বলা হয়নি। এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিএমপি থেকে জানানো হয়, পরবর্তী গণবিজ্ঞপ্তিতে গণমাধ্যমের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।
জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম শাখার এডিসি কেএন রায় নিয়তি বণিক বার্তাকে বলেন, ‘বিদ্যমান গণবিজ্ঞপ্তিতে গণমাধ্যমের বিষয়টি অন্তর্ভুক্ত না থাকলেও পরবর্তী গণবিজ্ঞপ্তিতে যুক্ত করা হবে।’
ডিএমপি থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, কারফিউ চলাকালে জরুরি ও মানবিক প্রয়োজন এবং বেশকিছু পরিষেবা আওতামুক্ত থাকবে। এগুলো হলো আইন-শৃঙ্খলা রক্ষার্থে সম্পৃক্ত ও যানবাহন, খাদ্যদ্রব্য ও খাদ্যপণ্য বহনকারী যানবাহন ও জনবল, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, চিকিৎসাসেবা প্রদানকারী জনবল ও যানবাহন, গুরুতর অসুস্থ ব্যক্তি (উপযুক্ত প্রমাণসাপেক্ষে চিকিৎসাসেবা গ্রহণকারী), জ্বালানি সরবরাহ কাজে নিয়োজিত জনবল ও যানবাহন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে নিয়োজিত জনবল ও যানবাহন, বিমানবন্দরে যাওয়া-আসার জন্য এয়ার টিকিটধারী ব্যক্তি, জরুরি পরিষেবায় নিয়োজিত জনবল ও যানবাহন এবং একান্ত প্রয়োজনে পুলিশ কমিশনার (ঢাকা) অথবা তার মনোনীত প্রতিনিধির ইস্যুকৃত পাসধারী ব্যক্তি।
কারফিউ চলাকালে ডিএমপি এলাকায় কোনো ব্যক্তি আদেশ লঙ্ঘন করলে বিশেষ ক্ষমতা আইনে (১৯৭৪-এর ২৪(২) ধারা অনুযায়ী) তার এক বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড বা উভয় দণ্ড দেয়ার বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।










