টানা তিনদিন রোদের পর গতকাল সকালে সিলেটে ফের বৃষ্টি হয়েছে। এতে কয়েকটি এলাকায় পানি বেড়েছে। বিশেষত কুশিয়ারা নদীর পানি কিছুটা বেড়েছে। এছাড়া ২৮ জুন থেকে সিলেটে অতিভারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। এতে বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে।

আবহাওয়াবিদ সজীব হোসাইন জানান, রোববার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ দশমিক ১ মিলিমিটার বৃ্ষ্টি হয়। তবে গতকাল সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫১ মিলিমিটার বৃষ্টি হয়।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সুরমা ও কুশিয়ারা নদীর চার পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। চারটি পয়েন্টের মধ্যে গতকাল সন্ধ্যা ৬টায় সুরমার কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপরে, কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে বিপৎসীমার ৩৬, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৯৭ ও শেরপুর পয়েন্টে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিতে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জসহ কয়েকটি এলাকায় পানি বেড়েছে। 

পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘‌হাওরসহ সিলেটের নিচু এলাকা এখনো পানিতে পরিপূর্ণ। অন্যদিকে মৌলভীবাজারের জুড়ী ও মনু নদের পানি সিলেটের কুশিয়ারা নদীতে যুক্ত হচ্ছে। তাই নদীর পানি নামছে ধীরগতিতে। গতকাল বৃষ্টির কারণে কিছু এলাকায় পানি বেড়েছে।’

এদিকে জেলা প্রশাসন ও আবহাওয়া অফিস সূত্রে জানা জানা যায়, ২৮ জুন থেকে সিলেটে অতিভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। এজন্য আগাম সতর্ক থাকতে বলেছে সিলেট জেলা প্রশাসন।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, এখনো জেলায় প্রায় সাড়ে আট লাখ মানুষ পানিবন্দি। এর মধ্যে আশ্রয় কেন্দ্রে আছে ১৩ হাজার ১৫৪ জন।