আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচনে অংশ নিতে পারবেন।

আজ রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। কুমিল্লা-১০ আসনটি নাঙ্গলকোট ও লালমাই উপজেলা নিয়ে গঠিত।

আদালতে শুনানিকালে বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান।

এর আগে মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন মোবাশ্বের আলম ভূঁইয়া। ওই আবেদনের শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।