সাতক্ষীরায় ১০ গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা মুক্তচিন্তা মঞ্চ। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মফিজুর রহমান।

সাতক্ষীরা মুক্তচিন্তা মঞ্চের আহ্বায়ক অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এসএম আব্দুল ওয়াহেদ, জজ কোর্টের অতিরিক্ত পিপি তানজির হোসেন সোহাগ প্রমুখ।

যে ১০ গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়েছে তারা হলেন মহান মুক্তিযুদ্ধে ৮ নং সেক্টরের অধীন সাব সেক্টর কমান্ডার মাহমুদ্দিন আহমেদ বীর বিক্রম, ইতিহাসবিদ ও লেখক অধ্যাপক মুনতাসীর মামুন, সমাজসেবী ও মুক্তিযুদ্ধ সংগঠক মীর এরশাক আলী ইসু মিয়া (মরণোত্তর), রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা স. ম. আলাউদ্দিন (মরণোত্তর), রাজনীতিক ও নারী জাগরণে নেতৃত্বদানকারী রওশন আরা খানম (মরণোত্তর), নাট্যকর, অভিনেতা ও পরিচালক খায়রুল বাসার, অধ্যাপক ডা. এসএম আব্দুল ওহাব, বিশিষ্ট খেলোয়াড় ও ভাষ্যকর মঞ্জুর হোসেন মিন্টু (মরণোত্তর), বিশিষ্ট সাংবাদিক সুনীল ব্যানার্জি (মরণোত্তর) ও কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিন (মরণোত্তর)।